কক্সবাজারে ইউসেপ বাংলাদেশ ও এনি চৌধুরী বিউটি পার্লারের মধ্যে সহযোগিতা স্মারক স্বাক্ষর

কক্সবাজার প্রতিনিধি;
কারিগরি দক্ষতা উন্নয়ন, শিল্প প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে ইউসেপ বাংলাদেশ ও এনি চৌধুরী বিউটি পার্লার-এর মধ্যে একটি পারস্পরিক সহযোগিতা স্মারক (Consent Letter of Mutual Cooperation) স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) স্বাক্ষরিত এ সহযোগিতা স্মারকের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের শিল্প প্রতিষ্ঠানে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ (Attachment), শিক্ষানবিশ (Apprenticeship), দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে উভয় প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করবে।
সমঝোতা স্মারক অনুযায়ী, ইউসেপ বাংলাদেশ প্রশিক্ষণার্থী নির্বাচন, কারিগরি প্রশিক্ষণ, Recognition of Prior Learning (RPL) কার্যক্রম বাস্তবায়ন এবং দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদান করবে। অপরদিকে এনি চৌধুরী বিউটি পার্লার প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ, বাস্তব কর্মপরিবেশে কাজের অভিজ্ঞতা অর্জন এবং দক্ষ বিউটি ও ওয়েলনেস পেশাজীবী হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।
সমঝোতা স্মারকে ইউসেপ বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন মো. আকরাম হোসাইন, ডেপুটি ম্যানেজার, ইউসেপ কক্সবাজার টিভিইটি ইনস্টিটিউট। এনি চৌধুরী বিউটি পার্লারের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের মালিক আনোয়ারউল ইসলাম সিকদার।
অনুষ্ঠানে ইউসেপ বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন জাহেদুল ইসলাম, অফিসার (SI & E), ট্রেইনার শারমিন বেগম এবং ট্রেইনার বিপ্লব বড়ূয়া। এদিকে এনি চৌধুরী বিউটি পার্লারের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক খালেদা আক্তার এনি এবং প্রশিক্ষনার্থী চাঁদনী দাস।
এনি চৌধুরী বিউটি পার্লার কক্সবাজার সদর উপজেলার লিংক রোডস্থ আরিফ মার্কেটের ২য় তলায় (গ্লোবাল ইসলামী ব্যাংকের পাশে) অবস্থিত। প্রতিষ্ঠানটি বিউটি ও ওয়েলনেস সেবার পাশাপাশি দক্ষ জনবল তৈরিতেও কাজ করে আসছে।
সংশ্লিষ্টরা জানান, এ সহযোগিতার মাধ্যমে বিউটি ও ওয়েলনেস খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার পাশাপাশি প্রশিক্ষণার্থীদের জন্য কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে। তারা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ কারিগরি শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং শিল্পখাতের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। একই সঙ্গে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে এ ধরনের অংশীদারিত্ব দেশের দক্ষ জনশক্তি উন্নয়ন ও টেকসই কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখবে।

